Panisagar Churi News : পানিসাগর নগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পঞ্চদেবতা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গতকাল রাতে মন্দিরে হানা দিয়ে চোরের দল প্রায় ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ আনুমানিক ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই চুরির ঘটনাকে কেন্দ্র করে পানিসাগর নগর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, নগর এলাকার নিরাপত্তার স্বার্থে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বর্তমানে অধিকাংশ ক্যামেরাই বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকালে DYFI পানিসাগর মহকুমা কমিটির প্রাক্তন সভাপতি তথা ৩ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নির্মলেন্দু দাস বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এত টাকা ব্যয় করে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলি সচল না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি দ্রুত সমস্ত বিকল সিসি ক্যামেরা মেরামত করে পুনরায় সচল করার দাবি জানান। পাশাপাশি নগর এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে, মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। এখন দেখার বিষয়, এই চুরির ঘটনার তদন্তে কী পদক্ষেপ গ্রহণ করে পুলিশ এবং নগর এলাকার সিসি ক্যামেরাগুলি কবে পুনরায় সচল হয়।






