খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 8 November 2026 - 08:56 PM
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ - ০৮:৫৬ অপরাহ্ণ

Kamalpur Kali Puja : বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে অপূর্ব পূজামণ্ডপ মানিক ভাণ্ডার প্লে সেন্টারের

Kamalpur Kali Puja
1 minute read

Kamalpur Kali Puja : ভক্তি, আধ্যাত্মিকতা ও শিল্প-নৈপুণ্যের অপূর্ব মেলবন্ধনে সেজে উঠেছে মানিকভান্ডার। বৃন্দাবনের বিখ্যাত চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মানিকভান্ডার প্লে সেন্টারের এবারের শ্যামাপূজার দৃষ্টিনন্দন পূজামণ্ডপ। মন্দিরের আদলে নির্মিত এই আকর্ষণীয় প্যান্ডেল দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়ছে। পূজামণ্ডপের অপরূপ সৌন্দর্য দেখতে ইতিমধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্তের দর্শনার্থীদের মধ্যে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে মানিকভান্ডার প্লে সেন্টারের উদ্যোগে শ্যামাপূজার আয়োজন করা হচ্ছে। এবছর প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে কমলপুর মহকুমার বৃহত্তম শ্যামাপূজার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। পূজাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আজ শ্যামা মায়ের পূজার্চনার পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকালও দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, উৎসবের অন্তিম দিনে, ১১ নভেম্বর গুয়াহাটি থেকে আগত বিশিষ্ট শিল্পী দীপান্বিতা ডেকা ও তাঁর শিল্পীবৃন্দের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিনের ঐতিহ্য, নিষ্ঠা ও ভক্তদের আবেগকে সঙ্গী করে প্রতিবছরই শ্যামাপূজাকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে মানিকভান্ডার প্লে সেন্টার। এবারের ব্যতিক্রমী মন্দির-আদলের প্যান্ডেল এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে সর্বত্রই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পূজা কমিটির সভাপতি যুগল পাল, সম্পাদক প্রীতম পাল এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দেবের নেতৃত্বে চলছে পূজার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্যামা মায়ের আরাধনাকে আনন্দমুখর করে তোলাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।

For All Latest Updates

খাস খবর