Teliamura Nomination News : রাজ্যজুড়ে পুর নিগম ও পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। বিজেপিকে মোকাবিলা করতে সিপিআইএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিফলন দেখা গেল তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনেও। পুর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে আটটিতে সিপিআইএম এবং সাতটিতে কংগ্রেস প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোট নেতৃত্ব।
সোমবার সিপিআইএমের পক্ষ থেকে আটটি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে স্বপন দেব, ৩ নম্বরে ডলি দাস সাহা, ৬ নম্বরে উমা সিংহ সেন, ৮ নম্বরে কবিতা রানী সাহা, ৯ নম্বরে দীপ্তনু মোদক, ১২ নম্বরে রেশ্মী দাস, ১৩ নম্বরে বূপেশ রঞ্জন মল্লিক এবং ১৫ নম্বর ওয়ার্ডে প্লাবন গোস্বামী।
অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডে রুবী দাস, ১০ নম্বরে ভক্তিলতা সরকার এবং ১১ নম্বর ওয়ার্ডে অতনু পাল মনোনয়নপত্র দাখিল করেন। তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা নির্বাচনের রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বাকি চারটি ওয়ার্ডের প্রার্থীরাও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন।
মনোনয়ন দাখিলের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোট নেতৃত্ব এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তেলিয়ামুড়া পুর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কথা তুলে ধরে জোট প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিন শাসকদলের বিভিন্ন কাজ ও ব্যর্থতা নিয়েও সমালোচনা করেন বিরোধী নেতারা । সব মিলিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম-কংগ্রেস জোটের তৎপরতা নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।






