খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 2 November 2026 - 12:45 AM
সোমবার, ২ নভেম্বর ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ণ

Malaynagar Shubha Death : মলয়নগরের জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১৯ বছরের শুভর

Malaynagar Shubha Death
1 minute read

Malaynagar Shubha Death : মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছর বয়সি যুবক শুভ বিশ্বাস। শনিবার দুপুরে মলয়নগর হাউজিং বোর্ড গ্রাউন্ড কমপ্লেক্সের একটি জলাশয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা ও আত্মীয়স্বজন।


মৃত শুভ বিশ্বাসের বাড়ি পূর্ব আগরতলা থানার অন্তর্গত রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায়। তিনি সুমন বিশ্বাসের ছেলে। জানা গিয়েছে, শনিবার দুপুর আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মলয়নগর হাউজিং বোর্ড গ্রাউন্ড কমপ্লেক্সের জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন শুভ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাছ ধরার জন্য তিনি ইলেকট্রিক চার্জিং ব্যাটারি ব্যবহার করছিলেন। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যান তিনি। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা জলাশয় থেকে আশঙ্কাজনক অবস্থায় শুভকে উদ্ধার করে দ্রুত হাপানিয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ১৯ বছর বয়সেই এভাবে একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকস্তব্ধ গোটা এলাকা। বিশেষ করে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা। যে ছেলেকে ঘিরে ছিল পরিবারের অসংখ্য স্বপ্ন ও আশা, তার এমন আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিজনেরা।
মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ফের জলাশয়ে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের বিপজ্জনক দিকটি সামনে এনে দিল। শুভর অকালমৃত্যুতে রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

For All Latest Updates

খাস খবর