DYFI Blood Donation : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল সংগঠনের মোহনপুর বিভাগীয় কমিটি। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এবং মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার কামালঘাট এলাকায় প্রাক্তন যুব নেতা তথা বর্তমান সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথের বাসভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বামপন্থী যুব সংগঠন DYFI-র উদ্যোগে আয়োজিত এই শিবিরে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন বহু রক্তদাতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেব, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক তথা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, সংগঠনের সভাপতি সুকান্ত ভৌমিক, বিক্রমজিৎ পাল-সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিরা।
রক্তদান শিবির প্রসঙ্গে DYFI-র মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বিধায়ক নয়ন সরকার জানান, সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলিতে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে কিছুটা হলেও সহযোগিতা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, রক্তদানের মতো মানবিক উদ্যোগের মধ্য দিয়েই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চায় সংগঠন।
অন্যদিকে, এদিন আগরতলায় শাসকদলের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক নয়ন সরকার। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য উভয় স্থানেই বিজেপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও গণতন্ত্র রক্ষা এবং অরাজকতা দূর করার প্রশ্নে বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজপথে নাচতে নাচতে প্রতিবাদ জানানোর বিষয়টি তিনি আগে কখনও দেখেননি বলেও মন্তব্য করেন।
পাশাপাশি আসন্ন মোহনপুর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিষ্ঠা দিবসের রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন সামাজিক দায়বদ্ধতার বার্তা দিল DYFI, অন্যদিকে রাজনৈতিক বক্তব্য ঘিরেও এদিন সরব হলেন সংগঠনের নেতৃত্ব।






