Kailashahar Fire News : মধ্যরাতে বসতঘরে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল একটি অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায়।
জানা গেছে, রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেখজান বিবি, স্বামী প্রয়াত জইর আলীর বাড়িতে গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ আগুন লাগে। স্থানীয়দের অভিযোগ, আগুনটি স্বাভাবিকভাবে লাগেনি। দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে দাবি তাঁদের।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছু বুঝে ওঠার আগেই গোটা ঘর আগুনে গ্রাস হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ঘরের অধিকাংশ সামগ্রী পুড়ে যায়। পরিবারের দাবি, আগুনে একটি Pulsar বাইক, একটি বাইসাইকেল, আসবাবপত্র, কাপড়চোপড় এবং ঘরে থাকা অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়েছে। ফলে কার্যত সর্বস্ব হারিয়েছে পরিবারটি।
ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল BSF-এর ৫৫ নম্বর গেট থেকে মাত্র ১৫ মিটার দূরে। এমন জায়গায় কীভাবে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল এবং অভিযুক্তরা কীভাবে পালিয়ে গেল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীর একাংশ। যদিও BSF-এর ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।
সকালে ঘটনাস্থলে যান রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুল ইসলাম ওরফে মুকুল এবং পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর নেপথ্যে কারা রয়েছে, তদন্তের পরই তা স্পষ্ট হবে।






