Golaghati News : মঙ্গলবার দুপুরে গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হয় অঙ্গন মিলন সভা। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মহিলাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, ১৭ গোলাঘাটি মণ্ডলের মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস সহ অন্যান্যরা।
সভায় অঙ্গন মিলন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমাজে বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বাল্যবিবাহ বন্ধে পরিবার, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মহিলাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপরও গুরুত্ব দেওয়া হয়। সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।






