Kailasahar Art Competition : মহালয়া ও শারদোৎসবের আবহে রঙ-তুলির নান্দনিক ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠল কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র। নবকলা আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে মহালয়া উপলক্ষে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা। খুদে শিল্পীদের ব্যাপক অংশগ্রহণে এদিন কলাক্ষেত্র পরিণত হয় শিল্প ও সৃজনশীলতার বর্ণময় উৎসবে।
নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১১টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৫০০-রও বেশি ছাত্রছাত্রী। কৈলাসহর, ধর্মনগর, কুমারঘাট-সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। রঙ-তুলির আঁচড়ে মুহূর্তেই বদলে যায় গোটা অনুষ্ঠানস্থলের পরিবেশ।
নবকলা আর্ট অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর বিনয় কুমার দে জানান, প্রথমবার এত বড় পরিসরে এই আয়োজন করা হয়েছে। শিশুদের মধ্যে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ১১টি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মোট ৩৩টি পুরস্কার দেওয়া হবে। সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অভিভাবকদের মতে, ছোটবেলা থেকেই শিল্পচর্চার সুযোগ শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যয় জানিয়েছে নবকলা আর্ট অর্গানাইজেশন।






