খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 29 September 2026 - 04:36 AM
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:৩৬ পূর্বাহ্ণ

Udaipur Maharani News : ভোট কেন্দ্রে গুলি বাজিতে আহত ৪ তিপ্রা মথা কর্মী, নিশানায় বিজেপি

Udaipur Maharani News
1 minute read

Udaipur Maharani News : মহারানী ওয়ারিংবাড়িতে এডিসি নির্বাচন ঘিরে রণক্ষেত্র, মথা প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩ | অমরপুর থেকে ১০-১৫টি গাড়িতে হামলাকারী আসার অভিযোগ | বিশাল পুলিশ বাহিনী মোতায়েন।


ভোটের দিনেই গুলির শব্দ! এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উদয়পুর মহকুমার মহারানী ওয়ারিংবাড়ি এলাকা। সংঘর্ষের পাশাপাশি গুলি চালানোর অভিযোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় তিপ্রা মথার এক প্রার্থীসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার সূত্রপাত ভোটকেন্দ্রকে ঘিরে বলে জানা গেছে। আহতদের অভিযোগ, অমরপুর এলাকা থেকে ১০ থেকে ১৫টি গাড়িতে করে একদল যুবক মহারানী ওয়ারিংবাড়িতে এসে ভোটকেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করে। অভিযোগ, তাঁদের বাধা দেওয়া হলে শুরু হয় হামলা। লাঠি নিয়ে এলোপাতাড়ি মারধরের পর পরপর দুই রাউন্ড গুলি চালানো হয় বলেও দাবি আহতদের।

গুলিতে খচিন্দ্র রিয়াং আহত হন বলে জানা গেছে। এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নাইথক জমাতিয়া এবং উদয়রাম রিয়াং। আহতরা নিজেদের তিপ্রা মথার কর্মী-সমর্থক বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে বিজেপির লোকজনও ছিল।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মহারানী ওয়ারিংবাড়িতে উত্তেজনা চরমে ওঠে। আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল চত্বরেও জড়ো হন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

তবে কারা গুলি চালিয়েছে, ঘটনায় ঠিক কতজন আহত এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে কী তথ্য রয়েছে—তা এখনও তদন্তসাপেক্ষ। আহতদের অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ চিত্র তদন্তের পরই স্পষ্ট হবে।

এদিকে, যে নির্বাচনকে ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার কথা, সেই ভোটকেন্দ্রেই গুলির অভিযোগ—ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ ও প্রশাসনের তদন্তেই এখন নজর, প্রকাশ্যে আসে কি না সংঘর্ষের নেপথ্যের আসল কারণ।

For All Latest Updates

খাস খবর