Jirania Road News : জিরানিয়া মহকুমার জিরানিয়া ব্লকের বড়জলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের হরি সর্দার পাড়া হয়ে এনআইটি যাওয়ার রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের আরও অভিযোগ, গ্রামের এই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। টিপার, বড় বড় ইটবোঝাই গাড়ি এবং অন্যান্য পণ্যবাহী ভারী যান চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাস্তা সংস্কার এবং ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধে সামিল হন। এর জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান। পাশাপাশি হরি সর্দার পাড়া হয়ে এনআইটি যাওয়ার এই রাস্তায় টিপার, ইটবোঝাই ট্রাক ও অন্যান্য ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ করারও দাবি জানান তাঁরা। এখন দেখার বিষয়, এলাকাবাসীর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।






