Udaipur Press Club : বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং তার কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল উদয়পুর প্রেস ক্লাব। বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ উদয়পুর ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে উদয়পুর প্রেস ক্লাবের বরিষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ছাত্র-ছাত্রীদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। পড়াশোনা, যোগাযোগ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এর অতিরিক্ত ব্যবহার পড়ুয়াদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দীর্ঘসময় মোবাইলের পর্দায় চোখ রাখার ফলে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন বক্তারা।
বক্তাদের বক্তব্য, বিজ্ঞান মানুষের সুবিধার জন্য মোবাইল ফোন তৈরি করলেও এর সুফলের পাশাপাশি কুফলও রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনমূলক কনটেন্টের প্রতি অতিরিক্ত আসক্তি তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
অভিভাবকদেরও সন্তানদের মোবাইল ব্যবহারের বিষয়ে নজরদারি করার আহ্বান জানানো হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সরাসরি সময় কাটানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
উদয়পুর প্রেস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ভালো-মন্দ সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদ্যালয় স্তর থেকেই সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইলের অপব্যবহার থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব।






