খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 22 September 2026 - 09:51 PM
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৫১ অপরাহ্ণ

Bisramganj Mafia Bappi : বাপ্পি দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিশ্রামগঞ্জের বড়জলায় গ্রামবাসীদের ক্ষোভ

Bisramganj Mafia Bappi
1 minute read

Bisramganj Mafia Bappi : বাপ্পি দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা গ্রামের বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার সকালে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জোড়পুকুর এলাকায় তাঁদের চলাচল ও ব্যবসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে হামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।স্থানীয়দের দাবি, জোড়পুকুর এলাকায় বড়জলা গ্রামের কয়েকজনের রেস্টুরেন্ট রয়েছে। একই এলাকায় বাপ্পি দাসেরও একটি রেস্টুরেন্ট রয়েছে। ব্যবসায়িক বিরোধের জেরে তাঁদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের আরও অভিযোগ, প্রায় চার মাস আগে বড়জলা গ্রামের জীবন সরকারের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তাঁদের দাবি, দোকানের ফ্রিজ, চেয়ার-টেবিল, দরজা-জানালা এবং রান্নার সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি ক্যাশবাক্স থেকে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। ঘটনায় জীবন সরকার বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁর।এদিকে, দোকান বন্ধ করে দেওয়ার হুমকি, চাবি কেড়ে নেওয়া এবং দরজা-জানালায় লাথি মারার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।

গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই সম্প্রতি কয়েকজন মহিলা বাপ্পি দাসের দোকানে গিয়ে প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, বারবার হুমকি ও হয়রানির কারণে বাধ্য হয়েই তাঁরা পাল্টা প্রতিবাদ করেছেন।তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনে বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদ জানাবেন। এখন দেখার, গ্রামবাসীদের আনা অভিযোগের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

খাস খবর