খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 21 September 2026 - 10:27 PM
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৭ অপরাহ্ণ

Khowai Police March : শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খোয়াইয়ে পুলিশের ফ্ল্যাগ মার্চ

Khowai Police March
1 minute read

Khowai Police March : আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর খোয়াই জেলা পুলিশ। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে ঘিরে যাতে কোথাও অশান্তি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তারই অংশ হিসেবে সোমবার খোয়াই জেলা পুলিশের উদ্যোগে তুলাশিখর সাব-জোনাল এলাকা থেকে ফ্ল্যাগ মার্চ শুরু হয়। পরে পূর্ব রাজনগর, কলাবাগান হয়ে পূর্ব তকছায়া এলাকায় ফ্ল্যাগ মার্চ করেন পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রঙ্গ দুলাল দেববর্মা, চাম্পাহাউর থানার ওসি সনেশ দেববর্মা, খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা, সেকেন্ড ওসি অজিত দেববর্মা, এএসআই শ্যামল দেববর্মা-সহ টিএসআর ও পুলিশের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। পুলিশের এই ফ্ল্যাগ মার্চের মাধ্যমে একদিকে যেমন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হচ্ছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার পরিবেশ তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।

বিশেষ করে ভোটাররা যাতে কোনও ধরনের ভয় বা আশঙ্কা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই নির্বাচনের আগে এই ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের এই তৎপরতা থেকে স্পষ্ট, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না জেলা পুলিশ। নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে বলেও প্রশাসনিক মহলে গুরুত্ব দেওয়া হচ্ছে।

For All Latest Updates

খাস খবর