Tripura Manik Sarkar : দলের অন্দরেই এবার আত্মসমালোচনার সুর আরও স্পষ্ট করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। প্রকাশ্য সভা থেকে একাংশ বাম নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি পদ আঁকড়ে রেখে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অভিযোগ তুললেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল, দীর্ঘদিন দলীয় পদে থেকেও অনেক নেতা সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি। আর সেই জায়গাতেই প্রয়াত বাম নেতা নিতাই দে-র জনমুখী রাজনৈতিক ভূমিকার সঙ্গে বর্তমান নেতৃত্বের তুলনা টানলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ঊনকোটি জেলার কুমারঘাটের বিমল সিনহা শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে বরিষ্ঠ বাম নেতা তথা প্রাক্তন কুমারঘাট নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রয়াত নিতাই দে-র স্মরণসভায় এই বিস্ফোরক মন্তব্য করেন মানিক সরকার। সিপিআইএম কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, মহকুমা কমিটির সম্পাদক সমীরণ মালাকার, প্রবীণ বাম নেতা স্বপন কুমার বৈষ্ণব সহ দলীয় নেতৃত্ব ও প্রয়াত নেতার পরিবারের সদস্যরা।
প্রয়াত নিতাই দে-র জনস্বার্থে কাজের প্রশংসা করতে গিয়ে মানিক সরকার বলেন, নিতাই দে মানুষের জন্য যেভাবে কাজ করে গিয়েছেন, সেই গ্রহণযোগ্যতা আজ দলের অনেক নেতা অর্জন করতে পারেননি। তাঁর অভিযোগ, একাংশ নেতৃত্ব দলীয় পদ আঁকড়ে ধরে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। মানুষের পাশে দাঁড়ানোর বদলে পদ ও ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ফলেই সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলীয় নেতৃত্বকে।
গত ৬ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে প্রয়াত হন নিতাই দে। তাঁর স্মৃতিচারণ সভাতেই কার্যত দলের বর্তমান সাংগঠনিক দুর্বলতার জায়গাগুলি প্রকাশ্যে তুলে ধরলেন মানিক সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতায় থাকার সময় যে প্রবণতা নিয়ে দলের ভিতরে প্রশ্ন উঠত, ক্ষমতা হারানোর পর সেই আত্মসমালোচনার ভাষাই এখন আরও প্রকাশ্য হচ্ছে।
এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মানিক সরকার। কর্মসংস্থান, বেকারত্ব, রেশন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, রেশন ব্যবস্থায় মানুষ আগের মতো একসঙ্গে প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন না। পাশাপাশি কাজের অভাবে রাজ্যের নারী-পুরুষ নির্বিশেষে মানুষকে বহিঃরাজ্যে পাড়ি দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনী ব্যবস্থা নিয়েও সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে এবং গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এডিসি ভিলেজ নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে বিরোধীদের, বিশেষ করে বাম প্রার্থীদের প্রতিহত করার অভিযোগ তোলেন তিনি। কোথাও মনোনয়ন জমা দিতে বাধা, আবার কোথাও জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন মানিক সরকার।
স্মরণসভায় শুরুতেই প্রয়াত নেতার স্মৃতিতে শোকপ্রস্তাব পাঠ ও নীরবতা পালন করা হয়। পরে মানিক সরকার, তপন চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং পরিবারের সদস্যরা নিতাই দে-র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পও গ্রহণ করেন উপস্থিতরা।






