CPIM Candidate Wins VC Election : আগামী ২৮শে সেপ্টেম্বর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির নির্বাচন। ইতোমধ্যেই মনোনয়ন পত্র স্ক্রুটিনি শেষ হয়ে প্রতিদ্বন্ধিদের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। তার মধ্যে অনেক জায়গা তেই বিভিন্ন দলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছেন। তবে সেই তালিকায় রয়েছেন একজন বাম মনোনীত প্রার্থীও। আর এটাই ত্রিপুরার বর্তমান রাজনৈতিক আবহে সব চাইতে আশ্চর্যজনক চিত্র।
আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সিপিআইএম মনোনীত প্রার্থী সন্ধ্যা রানী দাস। শান্তিরবাজার মহকুমার বোকাফা আরডি ব্লকের অন্তর্গত তাকমাছড়া ভিলেজ কমিটির ৩ নম্বর ওয়ার্ডের তপশিলী জাতি সংরক্ষিত ৫ নম্বর মহিলা আসনে প্রার্থী ছিলেন তিনি।
নির্বাচনে ওই আসনে অন্য কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় সন্ধ্যা রানী দাসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে যখন বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন তাকমাছড়ায় সিপিআইএম প্রার্থীর এই জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলীয় মহল। খবর লেখা অব্দি এই নিয়ে কোনো দলীয় নেতৃত্বের যদিও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্বভাবতই এটি সিপিআইএম দল এর জন্যে একটি সবুজ সংকেত বলেই মনে করা হচ্ছে।






