Konya Kotha NGO : মানবিকতার বার্তা নিয়ে আরও এক অভিনব সামাজিক উদ্যোগ গ্রহণ করল ‘কন্যা কথা’ সামাজিক সংস্থা। রাজধানী আগরতলার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিজনদের পাশে দাঁড়িয়ে প্রতিদিন দুপুরের খাবারের ব্যবস্থা করেছে সংস্থাটি। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘অন্ন’। ক্যান্সারের মতো কঠিন রোগের চিকিৎসার জন্য ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আগরতলার ক্যান্সার হাসপাতালে আসেন। রোগীর চিকিৎসা চলাকালীন পরিবারের সদস্যদের দিনের পর দিন হাসপাতাল চত্বরে থাকতে হয়।
অনেক ক্ষেত্রেই আর্থিক অনটন ও নানা প্রতিকূলতার কারণে নিয়মিত খাবারের ব্যবস্থা করাও তাঁদের কাছে কঠিন হয়ে ওঠে। সেই সমস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ‘কন্যা কথা’-র এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি। ‘অন্ন’ কর্মসূচির মাধ্যমে প্রতিদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার রোগীদের পরিজনদের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে।
শুধুমাত্র খাবার তুলে দেওয়াই নয়, এই উদ্যোগের মধ্য দিয়ে অসহায় পরিবারগুলির পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। কর্মসূচিতে ‘কন্যা কথা’ সামাজিক সংস্থার সদস্য-সদস্যাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ। সংস্থার সদস্যরা জানান, সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মধ্যেও ছিল ইতিবাচক সাড়া। ক্যান্সারের মতো কঠিন পরিস্থিতিতে প্রিয়জনের চিকিৎসা করাতে এসে যারা মানসিক ও আর্থিক চাপের মধ্যে থাকেন, তাঁদের জন্য একবেলা খাবারের এই ব্যবস্থা নিঃসন্দেহে স্বস্তির কারণ হয়ে উঠেছে। বলা বাহুল্য, টানা কয়েক বছর ধরেই কন্যা কথা সংস্থাটি বিভিন্ন সামাজিক কর্মসূচীর মধ্যে দিয়ে সমাজের দুঃস্থ মানুষের পাশে দারাবার চেষ্টা চালিয়ে এসেছে। তাদের এই উদ্যোগ আগামী দিনেও এভাবেই জারি থাকবে বলেও আশাবাদী তারা। ‘কন্যা কথা’-র এদিনের এই উদ্যোগ তাই শুধুমাত্র একটি খাবার বিতরণ কর্মসূচি নয়, বরং সংকটের সময় মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।






