ছাড়পত্রের নামে রাজ্যজুড়ে যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অনুমোদন কার? : রাজ্যের বিভিন্ন প্রান্তে যানবাহন আটকে ‘ছাড়পত্র’-এর নামে অর্থ আদায়ের অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, বিভিন্ন যান শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে রাস্তার উপর ট্রাক, বাস, জিপ ও পণ্যবাহী গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। এই ঘটনাকে ঘিরে চালকদের মধ্যে ক্ষোভও বাড়ছে।
অভিযোগকারীদের দাবি, ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর, মোটর শ্রমিক, টিটিএম, বাস-জিপ মালবাহী চালক সংঘ, ক্ষুদ্র পণ্যবাহী যান শ্রমিক সংঘ-সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ‘ছাড়পত্র’-এর নামে টাকা সংগ্রহ করা হচ্ছে। বিশালগড়ে এমন অভিযোগ সামনে এলেও, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই দাবি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের কার্যকলাপ চলছে বলে অভিযোগ।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—এই অর্থ সংগ্রহের বৈধতা কোথায়? কার অনুমোদনে সংগঠনগুলি রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করছে? পরিবহন দপ্তরের সরকারি পরিষেবার ক্ষেত্রে পারমিট, ফি ও অন্যান্য নিয়ন্ত্রক কাজ সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থার মাধ্যমেই পরিচালিত হয়।
ফলে শ্রমিক সংগঠনের নামে এ ধরনের রসিদ কেটে অর্থ সংগ্রহের বিষয়টি প্রশাসনের নজরে থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কোনও সংগঠন যদি সরকারি অনুমোদন ছাড়াই যানবাহন আটকে অর্থ আদায় করে থাকে, তাহলে তা নিয়ে তদন্তের দাবি উঠছে।
অভিযোগের সত্যতা যাচাই করে ‘ছাড়পত্র’-এর নামে অর্থ আদায় বন্ধ করতে পরিবহন ও শ্রম দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কোন সংগঠন কী উদ্দেশ্যে কত টাকা সংগ্রহ করছে এবং সেই অর্থ কোথায় যাচ্ছে, তা নিয়েও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।






