খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 9 August 2026 - 09:38 PM
রবিবার, ৯ আগস্ট ২০২৬ - ০৯:৩৮ অপরাহ্ণ

দুর্লভ নারায়ণ বাজারে মিছিল ও পথসভা, মথা-বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ ৭ পরিবার

দুর্লভ নারায়ণ বাজারে মিছিল ও পথসভা, মথা-বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ ৭ পরিবার
1 minute read

দুর্লভ নারায়ণ বাজারে মিছিল ও পথসভা, মথা-বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ ৭ পরিবার : জনগণের নিত্যদিনের বিভিন্ন সমস্যা এবং আসন্ন আইন অমান্য আন্দোলনের সমর্থনে দুর্লভ নারায়ণ বাজারে মিছিল ও পথসভার আয়োজন করল সিপিআই(এম)-এর দুর্লভ নারায়ণ পার্টি লোকাল কমিটি। রবিবারের এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। কর্মসূচির মধ্যেই মথা ও বিজেপি ছেড়ে সাতটি পরিবার সিপিআই(এম)-এ যোগদান করেছে বলে দাবি দলীয় নেতৃত্বের।

এদিন দুর্লভ নারায়ণ বাজার এলাকায় এক মিছিলের আহ্বান করা হয়। পরে বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। সভায় এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাট, স্কুল, পানীয় জল সহ সাধারণ মানুষের একাধিক জরুরি সমস্যার কথা তুলে ধরা হয়।

বক্তারা অভিযোগ করেন , দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিভিন্ন নাগরিক সমস্যার সম্মুখীন হলেও সেগুলির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় সভা থেকে। একই সঙ্গে আসন্ন আইন অমান্য আন্দোলনকে সফল করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সিপিআই(এম) নেতৃত্ব।

পথসভায় সভাপতিত্ব করেন আবদুল রেজ্জাক ও বাণী সিং দেববর্মা। বক্তব্য রাখেন দুর্লভ নারায়ণ পার্টি লোকাল কমিটির সম্পাদক মোঃ সেলিম এবং দলের জেলা কমিটির সম্পাদক রতন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তপন চন্দ্র দাস, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা ২১ নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, এবং পার্টির মহকুমা কমিটির সদস্যা প্রতিভা দাস সরকারসহ অন্যান্য নেতৃত্ব।

তবে এদিনের কর্মসূচির অন্যতম তাৎপর্যপূর্ণ দিক ছিল দলবদল। সিপিআই(এম)-এর দাবি, কর্মসূচির মধ্যেই মথা ও বিজেপি ছেড়ে সাতটি পরিবার তাদের দলে যোগদান করেছে। দলীয় সূত্রের দাবি অনুযায়ী, সব মিলিয়ে ওই পরিবারগুলির প্রায় ৫০ জন ভোটার নতুনভাবে সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হয়েছেন।

নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় সিপিআই(এম) শিবিরে উৎসাহ দেখা যায়। দলের নেতাদের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং সরকারের নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণেই নতুন করে দলীয় সংগঠনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

For All Latest Updates

খাস খবর