খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 5 April 2026 - 09:53 PM
রবিবার, ৫ এপ্রিল ২০২৬ - ০৯:৫৩ অপরাহ্ণ

Kishor Barman News : বুথ অফিসে অগ্নিসংযোগের পর বিজেপি কর্মীদের উপর হামলা, আহত ৮

Kishor Barman News
1 minute read

Kishor Barman News : ত্রিপুরার এডিসি এলাকার আমতলী ঘোলাঘাটি নলছড় বিধানসভা কেন্দ্রের রামপদপাড়া, বিভুরাম চৌধুরীপাড়ায় একাধিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে বিজেপির একটি বুথ অফিসে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর ফেরার কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত ৮ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বিভুরাম চৌধুরীপাড়ায় অবস্থিত বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শনিবার সকালে রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন।

মন্ত্রী ঘটনাস্থল থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই নতুন করে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, হঠাৎ করেই একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। এতে অন্তত ৮ জন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে লালবাহাদুর ত্রিপুরা এবং রতন দেববর্মাকে দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লালবাহাদুর ত্রিপুরার হাতে গুরুতর চোট লাগে এবং হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে রতন দেববর্মার মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়াও আরও ৬ জন আহত কর্মীকে তকসাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে মন্ত্রী কিশোর বর্মন দ্রুত মেলাঘর হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আশ্বাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর সঙ্গে সোনামুড়া মণ্ডলের সভাপতি শুভজিৎ দাসকেও হাসপাতালে দেখা যায়।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে মন্ত্রী কিশোর বর্মন এই হামলার জন্য বিরোধী দলগুলিকে দায়ী করেন। তার অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় সিপিআইএম এবং তিপরা মোথার সমর্থকেরা একযোগে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। তিনি দাবি করেন, এর আগেও ২০২৩ সালের নির্বাচনের সময় একই ধরনের ঘটনা ঘটেছিল।

মন্ত্রী বলেন, “গতরাতে বুথ অফিসে আগুন লাগানো হয়েছে। আজ সকালে আমি পরিদর্শন করে ফিরে আসার পর আমার দলীয় কর্মীরা যখন সেখানে জড়ো হচ্ছিল, তখন হঠাৎ করে তাদের উপর ধারালো অস্ত্র, লাঠি ও রড দিয়ে হামলা চালানো হয়। আমাদের এসটি মোর্চার মণ্ডল সভাপতি লালবাহাদুর ত্রিপুরার হাত ভেঙে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাড়ে গুরুতর আঘাত লেগেছে, তাই তাকে আগরতলায় রেফার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনে হারের ভয়ে। কিন্তু এই সন্ত্রাস দিয়ে কখনও বিজেপিকে দমিয়ে রাখা যায়নি, আগামীতেও যাবে না। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

মন্ত্রী আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ১২ তারিখে জনজাতি অংশের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুলভাবে সমর্থন করবে এবং ১৭ তারিখ তার ফলাফল প্রমাণ করবে। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং গণতান্ত্রিক উপায়ে এর জবাব দেওয়ার কথা বলেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

For All Latest Updates

ভিডিও