EVM Congress Press Meet : ত্রিপুরায় আসন্ন ধর্মনগর উপনির্বাচন ও এডিসি সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইভিএম ব্যবহারে প্রশ্ন তুলে ব্যালটে ভোটগ্রহণের দাবি জানাল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলেন।
প্রবীর চক্রবর্তী বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে অনুষ্ঠিত প্রায় প্রতিটি নির্বাচনে প্রশাসনের অপব্যবহার এবং বিপুল অর্থের লেনদেন হয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার “নির্লজ্জভাবে অনিয়ম” চালিয়ে যাচ্ছে। ইভিএম এম-২ মডেল নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ভিভিপ্যাট থাকা সত্ত্বেও বাইরে থেকে অতিরিক্ত ইভিএম আনা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে।
তিনি আরও অভিযোগ করেন, সর্বদলীয় বৈঠকে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়েবকাস্টিং এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষা করা হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের “অস্বাভাবিক ঘনিষ্ঠতা” রয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।
অন্যদিকে প্রশান্ত সেন চৌধুরী জানান, নির্বাচন ঘোষণার আগে কোনো সর্বদলীয় বৈঠক করা হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। পরবর্তীতে অনুষ্ঠিত বৈঠকে তারা জানতে পারেন, ভিভিপ্যাট ছাড়াই ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে, যা নিয়ে কংগ্রেস তীব্র আপত্তি জানিয়েছে। বৈঠক চলাকালীন বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কংগ্রেস নেতাদের তর্ক-বিতর্কও সৃষ্টি হয় বলে জানা গেছে।
এই প্রেক্ষিতে কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী মোতায়েনসহ একাধিক দাবি জানিয়েছে, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয়।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৪ এপ্রিলের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে। এছাড়া সর্বভারতীয় নেতৃত্বও প্রচারে অংশ নেবে। এই সূত্রেই এলআইসির সাধারণ সম্পাদক ও সাংসদ সপ্তগিরি উলাকা শীঘ্রই রাজ্যে আসছেন বলে জানিয়েছে দল।



