খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 28 March 2026 - 09:55 PM
শনিবার, ২৮ মার্চ ২০২৬ - ০৯:৫৫ অপরাহ্ণ

Jampuijala BJP Motha : পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রে নির্বাচনী উত্তেজনা চরমে—বিজেপি প্রার্থীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগে শ্রীনগর থানায় এজাহার

Jampuijala BJP Motha
1 minute read

Jampuijala BJP Motha : ত্রিপুরার পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসন্ন টিটিএডিসি নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি প্রার্থীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ তুলে শ্রীনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বিজেপি প্রার্থী জানান, তিনি ১৭ তারিখে মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। সেই সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গীতা রানীর সঙ্গে এলাকায় প্রচার চলাকালীন সামান্য বাকবিতণ্ডা হয়। তবে বিষয়টি তখনই মিটে যায় বলে দাবি করেন তিনি।

কিন্তু পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। প্রার্থীর দাবি, ওই ঘটনার কিছুক্ষণ পরই তার অনুপস্থিতিতে দুষ্কৃতীরা তার ছেলের দোকানে হামলা চালায়। দোকান ভাঙচুর করা হয় এবং ক্ষয়ক্ষতির চেষ্টা চালানো হয়। শুধু তাই নয়, তার নিজস্ব সম্পত্তিও লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তিনি আরও বলেন, “রাজনীতি সবাই করতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবিকা বা ব্যবসার সঙ্গে রাজনৈতিক বিরোধ জড়ানো উচিত নয়। দোকান, বাড়িঘর বা জীবিকার উৎস নষ্ট করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

এই ঘটনায় তিনি মণ্ডল সভাপতি ও অন্যান্য দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলায় জড়িত কয়েকজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগের পাশাপাশি আরও দাবি করা হয়েছে, একই এলাকায় বিজেপির কর্মী বচন দেববর্মা ও সুভাষ দেববর্মার বাড়িতেও হামলা চালানো হয়েছে। তাদের বসবাসের ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচনে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

For All Latest Updates

ভিডিও