Agartala Uber Auto Strike : আগরতলায় অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবাকে ঘিরে বাড়ছে অসন্তোষ। আজ সকালে শহরের ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে উবার-ওলা চালকরা ভাড়া বৃদ্ধির দাবিতে প্রতিবাদ জানান এবং অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
চালকদের অভিযোগ, গত কয়েক মাসে ভাড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে কোম্পানিগুলি। আগে যেখানে প্রতি কিলোমিটারে ১৫-১৬ টাকা পাওয়া যেত, বর্তমানে তা নেমে এসেছে ৯-১০ টাকায়। একই সঙ্গে রাইডের মোট ভাড়াও কমে গেছে। উদাহরণ হিসেবে তারা জানান, নন্দনগর থেকে এডভাইজার চৌমুহনী রুটে আগে যেখানে ৯০-১০০ টাকা ভাড়া মিলত, এখন তা কমে দাঁড়িয়েছে ৬০-৭০ টাকায়।
এছাড়াও চালকদের দাবি, প্রতিদিন কোম্পানি অতিরিক্ত চার্জ হিসেবে ২৫-২৬ টাকা কেটে নিচ্ছে। অনেক ক্ষেত্রে যাত্রা শুরুতে অ্যাপে বেশি ভাড়া দেখালেও শেষে তা কমে যাচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এর সঙ্গে জ্বালানির ক্রমবর্ধমান দাম যুক্ত হয়ে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।
প্রতিবাদে অংশ নেওয়া এক প্রতিনিধি জানান, “আমরা ধর্মঘট বা বন্ধে বিশ্বাসী নই। কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই কয়েক ঘণ্টার জন্য পরিষেবা বন্ধ রাখতে হয়েছে।” তিনি আরও বলেন, অধিকাংশ চালকই বাণিজ্যিক লাইসেন্স, বিমা ও রেজিস্ট্রেশনের জন্য বিপুল খরচ বহন করেন, অথচ আয় দিন দিন কমছে।
চালকদের আরও অভিযোগ, বাইরের এলাকার শর্ট পারমিট গাড়ি শহরে এসে অনলাইন পরিষেবায় যুক্ত হওয়ায় স্থানীয় যুবকদের রোজগারে প্রভাব পড়ছে।
এই পরিস্থিতিতে তারা রাজ্য সরকারের পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং কোম্পানির গুয়াহাটি জোনাল অফিসের সঙ্গেও আলোচনা করার আবেদন জানিয়েছেন। চালকদের দাবি, প্রতি কিলোমিটারে ন্যূনতম ১৭ টাকা ভাড়া নির্ধারণ এবং সর্বনিম্ন রাইড ভাড়া ৫০ টাকা করা হোক।
দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পাশাপাশি, পরিষেবা বন্ধের কারণে সাধারণ যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছেন আন্দোলনকারীরা।



