Udaipur Press Club : আজ উদয়পুরের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিক মহলে নতুন বার্তা দেওয়া হল । এই প্রথমবার ব্যালট পেপারে ভোট গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল উদয়পুর প্রেসক্লাব। আজ উদয়পুর জেলা পরিষদের কনফারেন্স হলে আগাম প্রচার ও ঘোষণা অনুযায়ী উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে ব্যালট পেপারে ভোটগ্রহণের পর নিয়ম মেনে ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।
গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের নেতৃত্ব বেছে নেওয়ার এই প্রক্রিয়াকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের ফলাফল অনুযায়ী উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মধুসূধন সাহা। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজীব ভৌমিক এবং কোষাধ্যক্ষ হয়েছেন বিট্টু মজুমদার। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাপস মজুমদার এবং সৌমেন সেন । সহ-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দীপা সরকার ও সুজিত সাহা। পাশাপাশি উপদেষ্টা কমিটিতে রয়েছেন সুব্রত দেব, অঞ্জন বিশ্বাস, গৌতম চক্রবর্তী ও প্রাক্তন প্রেসক্লাব সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য সদস্য সদস্য।
উদয়পুর প্রেস ক্লাবের এই নির্বাচন শুধু নতুন একটি কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও। সংবাদমাধ্যম বরাবরই গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার কথা বলে। সেই সাংবাদিকরাই এবার ব্যালট পেপারে ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচন করলেন। ফলে প্রেস ক্লাবের অভ্যন্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব বেছে নেওয়ার এই উদ্যোগ উদয়পুরের সাংবাদিক মহলে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।






