Udaipur Congress News : গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবিতে উদয়পুরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়। কাঁধে দলীয় পতাকা এবং হাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
মিছিলটি উদয়পুর শহরের টাউন ক্লাব সড়ক হয়ে গ্রন্থাগার রোড এবং বিবেক সংঘ সড়ক ধরে জামতলা পুরনো টাউন হলের সামনে পৌঁছায়। সেখানে মিছিলটি শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। তাঁর অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে হলে ভোট সংক্রান্ত অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
টিটন পাল আরও বলেন, গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনে উদয়পুরের রাজপথে আরও ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করা হবে বলেও দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস, বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
বড় সংখ্যায় কংগ্রেস কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এদিনের বিক্ষোভ মিছিলকে ঘিরে উদয়পুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।






