খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 8 August 2026 - 07:23 PM
শনিবার, ৮ আগস্ট ২০২৬ - ০৭:২৩ অপরাহ্ণ

বাম আমলের ফুট ব্রিজ চরম অবহেলায় মরন ফাঁদে পরিণত রাম আমলে

বাম আমলের ফুট ব্রিজ চরম অবহেলায় মরন ফাঁদে পরিণত রাম আমলে
0 minute read

বাম আমলের ফুট ব্রিজ চরম অবহেলায় মরন ফাঁদে পরিণত রাম আমলে : দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর সেই বিপজ্জনক অংশ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সেতুটি বর্তমানে স্থানীয়দের কাছে কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর ওপর তৈরি হওয়া গর্তগুলি দিয়ে চলাচলের সময় সামান্য অসাবধানতা বা পা পিছলে গেলেই গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইতিমধ্যেই সেতুটিতে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যমে সেতুটির বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরা হলেও এখনও পর্যন্ত সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময় যত গড়াচ্ছে, সেতুটির ক্ষতিগ্রস্ত অংশের সংখ্যা এবং বিপদের মাত্রাও বাড়ছে বলে অভিযোগ।

জানা যায়, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বর্তমানে এর একাধিক অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরেই কি সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়বে? নাকি তার আগেই পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে? তাঁদের দাবি, দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত স্টিলের পাত ও অন্যান্য অংশ সংস্কার করতে হবে। পাশাপাশি পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

For All Latest Updates

খাস খবর