Teliamura Nomination News : সামনেই গোটা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। গ্রাম পঞ্চায়েতের মসনদ দখলের লড়াইয়ে নিজেদের সাংগঠনিক শক্তি মেলে ধরতে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই দৌড়ে পিছিয়ে নেই রাজ্যের শাসকদল বিজেপিও।
বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথা—এই তিন দলের সমন্বয়ে গঠিত এনডিএ জোটও নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছে। এরই মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় মোট ৬৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রে তিপ্রা মথা এবং ১০টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার, তেলিয়ামুড়া আরডি ব্লকে বিজেপির মনোনীত ১০টি কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক সুসজ্জিত মিছিলের। দলীয় পতাকা ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমকালো র্যালির মধ্য দিয়ে মনোনীত প্রার্থীরা তেলিয়ামুড়া আরডি ব্লকে পৌঁছে একে একে মনোনয়নপত্র জমা দেন।
এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী ময়দানে নিজেদের শক্তি প্রদর্শনের পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
ভিলেজ কাউন্সিল নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। তেলিয়ামুড়ায় ১০টি কেন্দ্রে বিজেপির প্রার্থীদের মনোনয়ন দাখিলের পর এবার নির্বাচনী লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






