Sonamura CPIM News : এসআইআর প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোনামুড়ায় প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএমের সোনামুড়া মহকুমা কমিটি। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে মিছিল ও পথসভায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বুধবার সিপিআইএমের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র চৌমুহনীতে পৌঁছায়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী।
সভায় বক্তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। কেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই দুটি দাবি সামনে আনা হচ্ছে, তার প্রেক্ষাপটও ব্যাখ্যা করেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন সাহা এবং জেলা কমিটির সদস্য অহিদুর রহমান।
বক্তাদের বক্তব্যে উঠে আসে ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা, তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ভোটাধিকার সুরক্ষার প্রশ্ন। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে কোনও বৈধ ভোটারের ভোটাধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকদের দাবি। এসআইআর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সোনামুড়ার এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনীতিতেও আলোচনার সৃষ্টি হয়েছে।






