বিদ্যুৎ মাশুল বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজ্যের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে সামনে রেখে বুধবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ন গুরুজী কনফারেন্স হলের সামনে এক গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে সদর জেলা কংগ্রেস কমিটি। কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা উপস্থিত থেকে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। গ্রাহকরা বারবার অভিযোগ জানালেও বিদ্যুৎ দপ্তর কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একইসঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধিতেও সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতারা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, জনগণের প্রকৃত সমস্যার সমাধানে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বিদ্যুৎ বিল বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য জনস্বার্থের বিষয়গুলি থেকে মানুষের নজর ঘোরাতে সরকার বিভিন্ন ইস্যুকে সামনে আনছে। তিনি আরও দাবি করেন, অযোধ্যার রাম মন্দিরে বিপুল পরিমাণ দানের অর্থ চুরির ঘটনাতেও একই ধরনের কৌশল গ্রহণ করা হয়েছিল।
কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে বিদ্যুৎ মাশুল পুনর্বিবেচনা, সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়। তারা জানান, মানুষের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।



