খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 16 October 2026 - 03:07 AM
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ - ০৩:০৭ পূর্বাহ্ণ

Melaghar SDM News : দুর্গোৎসবের আগে মেলাঘর বাজারে মহকুমা প্রশাসনের বিশেষ অভিযান, দখলমুক্ত করা হল ফুটপাত

Melaghar SDM News
1 minute read

Melaghar SDM News : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাজারের পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান চালাল মেলাঘর মহকুমা প্রশাসন। মেলাঘর পৌরসভা, মেলাঘর থানা এবং মহকুমা খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। উৎসবের মরশুমে বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের যাতায়াত সুগম করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযান চলাকালীন বাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পুজোর সময় বাজারে ক্রেতাদের ভিড় বাড়ে। সেই সময় যাতে যানজট সৃষ্টি না হয় এবং পথচারীদের চলাচলে কোনও অসুবিধা না হয়, সে বিষয়টি মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়। যেসব ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নেই অথবা লাইসেন্সের নবীকরণ করা হয়নি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়িক ক্ষেত্রে নিয়মশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, মহকুমা খাদ্য দপ্তরের উদ্যোগে বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে পরিদর্শন চালানো হয়। খাবারের গুণমান ও দোকানের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হয়, যাতে উৎসবের মরশুমে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান। এই বিশেষ অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মেলাঘরের ডিসিএম চন্দনা উড়াং, মেলাঘর পৌরসভার ডেপুটি সিও, মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস-সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

অভিযান শেষে মেলাঘর পৌরসভার ডেপুটি সিও জানান, বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এই উদ্যোগ শুধু দুর্গোৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনেও প্রতি সপ্তাহে নিয়মিতভাবে মেলাঘর বাজারে এ ধরনের অভিযান চালানো হবে। প্রশাসনের এই উদ্যোগে বাজারের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

For All Latest Updates

খাস খবর