খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 October 2026 - 08:48 PM
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ - ০৮:৪৮ অপরাহ্ণ

Mohanpur CPIM Relly : লক্ষ্মীপুজোর আগে রেশন দোকানে চিনি না মেলায় বিক্ষোভ সিপিআইএমের

Mohanpur CPIM Relly
1 minute read

Mohanpur CPIM Relly : লক্ষ্মীপুজোর আগে রাজ্যের সরকারি ন্যায্যমূল্যের দোকানগুলিতে চিনি-সহ বিভিন্ন সামগ্রী সরবরাহের ঘোষণা করা হলেও বাস্তবে তা মিলছে না বলে অভিযোগ উঠেছে। মোহনপুর মহকুমার বিভিন্ন রেশন দোকানে চিনি না পাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম। রেশন ডিলারদের দাবি, তাঁদের কাছে এখনও চিনি সরবরাহ করা হয়নি। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী চিনি দেওয়া সম্ভব হচ্ছে না।


পুজোর আগে সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থার মাধ্যমে চিনি-সহ বিভিন্ন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। সেই ঘোষণার পরও লক্ষ্মীপুজোর প্রাক্কালে মোহনপুর মহকুমার কোনও রেশন দোকানেই চিনি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সিপিআইএমের। এই ঘটনায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেছে দলটি।


চিনি সরবরাহে এই অনিয়মের প্রতিবাদে শনিবার সিপিআইএমের কামালঘাট অঞ্চল কমিটির উদ্যোগে লেম্বুছড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। মিছিল থেকে রেশন ব্যবস্থায় দ্রুত চিনি সরবরাহ এবং ঘোষণামতো সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ, প্রাক্তন পশ্চিম জেলা সভাধিপতি দিলীপ দাস, অঞ্চল সম্পাদক রঞ্জন রায়, পার্টি নেতা নিরঞ্জন দাস এবং যুবনেতা সুব্রত গোপ-সহ অন্যান্য নেতৃত্ব।
বিক্ষোভকারীদের বক্তব্য, উৎসবের আগে সরকারি ঘোষণার পরও যদি রেশন দোকানে প্রয়োজনীয় সামগ্রী না মেলে, তাহলে সাধারণ মানুষই সমস্যায় পড়বেন। তাই দ্রুত চিনি সরবরাহ করে গ্রাহকদের হাতে তা তুলে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। রেশন ডিলারদের কাছেও পর্যাপ্ত পরিমাণে চিনি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিআইএম।

For All Latest Updates

খাস খবর