LPG Gas Cylinder : সাড়ে ১০ কোটি ভোক্তার মাথায় হাত। কমিয়ে দেওয়া হল ভর্তুকি যুক্ত গ্যাসের সংখ্যা। এবার থেকে বছরে মাত্র ৪টি ভর্তুকি যুক্ত এলপিজি গ্যাস পাবেন গ্রাহক। কেন্দ্রের নয়া নির্দেশিকা কে ঘিরে নতুন করে বিতর্ক।
একদিকে ধেই ধেই করে বেড়ে চলেছে জ্বালানীর মূল্য। দিন দুয়েক আগেই এক ধাক্কায় ২৯ টাকা বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস এর দাম। আগরতলায় বর্তমানে এলপিজি ১৪ কেজি সিলিন্ডার এর মূল্য রয়েছে ১০৭৩ টাকা ৫০ পয়সা। এবার নয়া নির্দেশিকা কে ঘিরে আরো যেন চাপ বেড়ে গেল গ্রাহকদের।
২০১৬ সালে চালু হওয়া প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনায় বছরে ১২টি সিলিন্ডার পেতেন গ্রাহকেরা, পরে তা কমিয়ে আনা হয়েছিল ৯টি তে। এবার মধ্য প্রাচ্যের অশান্তির জেরে সিলিন্ডার পিছু মূল্য বৃদ্ধির পাশাপাশি বছরে মাত্র ৪ টি ভর্তুকি যুক্ত সিলিন্ডার পাবেন গ্রাহকেরা।
অর্থাৎ গোটা বছরে যে ২৭০০ টাকা ভর্তুকি পেতেন, এবার থেকে সেই টাকা কমে হয়ে গেল মাত্র ১২০০ টাকা। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীন এম খানুজা আনুষ্ঠানিকভাবে জানান, উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা প্রায় ১০.৫ কোটি দরিদ্র পরিবার এখন বছরে প্রথম চারটি রিফিলেই ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। এর পরের সিলিন্ডার গুলি তে ধার্য হবে সম্পূর্ণ মূল্য, ঢুকবে না কোনো ভর্তুকির টাকা।
এই নিয়ে বিরোধী শিবির ইতিমধ্যেই সরব হয়েছে। তাঁদের অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর আরও আর্থিক চাপ বাড়াবে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিপুল ভর্তুকির বোঝা সামলাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সর্ব সাকুল্যে মধ্য প্রাচ্যের যুদ্ধের প্রভাব যে ভারতীয় দের হেসেলেই সরাসরি আঘাত করছে তাতে আর কোনো সন্দেহের অবকাস থাকে না।



