Jitendra Choudhury News : ১০ বছর বাদে অনুস্থিত হওয়া ভিলেজ কমিটি নির্বাচন কে ঘিরে দেখা গেল চরম বিশৃঙ্খলা। ভোটের দিন ওয়ারেং বাড়িতে গুলিকাণ্ডে আহত হলেন তিপ্রা মথা কর্মী ও সমর্থকরা। তাদের দেখতে গোমতী জেলা হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা।
উল্লেখ্য, ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণের দিন ওয়ারেং বাড়ি এলাকায় হামলা ও গুলিচালনার অভিযোগ ওঠে। অভিযোগ, অমরপুর থেকে একটি গাড়িতে করে একদল দুষ্কৃতী এলাকায় এসে হামলা ও হুজ্জুতি চালায়। তিপ্রা মথার অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়া হলে একপর্যায়ে পিস্তল বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় তিপ্রা মথা দলের এক প্রার্থী, তাঁর স্বামী-সহ আরও কয়েকজন আহত হন। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নেন জিতেন্দ্র চৌধুরী।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। তাঁর অভিযোগ, ভোটের দিন এ ধরনের হামলা ও গুলিচালনার ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করায়। একইসঙ্গে ঘটনার জন্য শাসক শিবিরকে নিশানা করে তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা।
তবে হামলার অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এদিন পর্যন্ত জানা যায়নি। বিজেপি দলীয় নেতৃত্ব দের বক্তব্য দোষী রা যারাই হোক ,আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ও বরাবরই বলে থাকেন, আইন আইনের পথেই চলবে। তবে দোষী রা যদি শাসক দলের সমর্থক বলেই প্রমানিত হয় তবে আদৌ আক্রান্তরা ন্যায্য বিচার পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।






