Jatrapur IG Car : এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে যাত্রাপুর থানার পুলিশ। বেশ কিছুদিন বিরতির পর ফের বড়সড় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করেছে পুলিশ। এর ফলে এই ঘটনায় মোট আটক ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। রাতভর নজরদারি ও অভিযানের পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে আটক করা হয়।
আটক চারজনের মধ্যে একজন থলি বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা চন্দ্র মানিক ত্রিপুরা (৩০)। বাকি তিনজন হলেন কিশোর মানিক ত্রিপুরা, হৃদয় কুমার ত্রিপুরা এবং ধনঞ্জয় নোয়াতিয়া। তাঁরা মনাই পাথর এডিসি ভিলেজের বিভিন্ন পাড়ার বাসিন্দা।উল্লেখ্য, কাঠালিয়া ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়ি এলাকায় রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর থেকেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ।
এর আগে তিন দফায় সাতজনকে আটক করা হয়েছিল। সর্বশেষ চারজনকে আটক করার ফলে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১।যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। বাকি অভিযুক্তদেরও শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ধারাবাহিক অভিযান ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন নজর বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দিকে।







