খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 7 August 2026 - 02:22 AM
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ - ০২:২২ পূর্বাহ্ণ

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এনএইচআইডিসিএল দপ্তরের সামনে সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এনএইচআইডিসিএল দপ্তরের সামনে সিপিআই(এম)-এর গণবিক্ষোভ
1 minute read

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এনএইচআইডিসিএল দপ্তরের সামনে সিপিআই(এম)-এর গণবিক্ষোভ : ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও দীর্ঘদিন ধরে সংস্কার কাজ সম্পন্ন না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার এনএইচআইডিসিএল (NHIDCL)-এর জবাবদিহি দাবি করে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সিপিআই(এম)-এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।

রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় এদিন একই কর্মসূচী হাতে নেয় বামেরা। মূল কর্মসূচী টি সম্পাদিত হয়েছে রাজধানীর রবীন্দ্র ভবন চত্বর স্থিত স্মার্ট সিটি লিমিটেড অফিসের সামনে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের একাধিক জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। ফলে প্রতিদিন সাধারণ মানুষ, যাত্রী এবং পণ্যবাহী যানবাহনকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভ মঞ্চ থেকে সিপিআই(এম) নেতারা প্রশ্ন তোলেন, জাতীয় সড়কগুলির সংস্কার কাজ কবে সম্পন্ন হবে এবং এই বিষয়ে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান কী। তাদের দাবি, বহুবার বিষয়টি তুলে ধরা হলেও এখনও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের জনগণ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা জাতীয় সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সংস্কার কাজ শুরু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা সম্পন্ন করার পাশাপাশি এ বিষয়ে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে প্রকাশ্যে জবাব দেওয়ার দাবি জানান তিনি। ধর্ম নগর থেকে খোয়াই হয়ে আগরতলা অব্দি যে রাস্তা এসে পৌঁছেছে তার সংলগ্ন যে মহকুমা গুলি পড়েছে সেই প্রতিটি মহকুমাতে এদিন এই কর্মসূচী পালনের মধ্যে দিয়ে রাজ্য সরকার ও তাদের সাথে গোপনে সম্পর্ক বজায় রাখা কিছু প্রকৌশলী দের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রেরণ করতেই বামেদের এই কর্মসূচী বলে সাফ জানিয়েছেন বিরোধী দলনেতা।

কেন্দ্র ও রাজ্যে যে সরকার চলছে, তাকে এক কথায় “ নিকম্মা” বলে আখ্যা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিক্ষোভকারীরা সতর্ক করে আরও বলেন, সাধারণ মানুষের এই ন্যায্য দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে সিপিআই(এম)। এদিনের কর্মসূচি চলাকালীন উক্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় এবং শান্তি পূর্ণ ভাবেই এদিনের এই বিক্ষোভ কর্মসূচী সম্পাদিত হয়।

For All Latest Updates

ভিডিও