Chakmaghat Road Accident : দুর্গাপুজোর নবমীর রাতে মর্মান্তিক স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছরের এক নাবালক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপর নাবালক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের লোকনাথ আশ্রম সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত নাবালকের নাম জিৎ সরকার (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহী দ্বীপ চৌধুরী (১৭)। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি লাল রঙের স্কুটিতে চেপে তেলিয়ামুড়ার দিক থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল দুই নাবালক। অভিযোগ, স্কুটিটি দ্রুতগতিতে চলছিল। লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর স্কুটিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি অথবা একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা মারে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন।
বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিৎ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, দ্বীপ চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়।
এই দুর্ঘটনার পর নাবালকদের হাতে কীভাবে স্কুটি এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, নাবালকদের যানবাহন চালানো রুখতে অভিভাবকদের সচেতনতা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে তদন্তের বিস্তারিত জানা না গেলেও, দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। উৎসবের আনন্দের মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনা ফের সড়ক নিরাপত্তা এবং নাবালকদের যানবাহন চালানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল।






