Bishalgarh Crime News : বিশালগড়ে সাম্প্রতিক গুলিকাণ্ড ও তোলাবাজির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার ভোরে অভিযানে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যা এই চাঞ্চল্যকর মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিশালগড়ের নেতাজি নগর সহ একাধিক এলাকায় দুষ্কৃতীরা পিস্তল দেখিয়ে গুলি চালায় এবং স্থানীয়দের কাছে টাকা দাবি করে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের তীর ছিল রণবীর সরকার ও তার সহযোগীদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানায় মামলা দায়ের হয়।
এদিকে, বিষয়টি রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা পুলিশকে দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে।
এরই মধ্যে জেলা পুলিশ সুপার ও উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে আমবাগান এলাকা থেকে শুভম সাহা এবং রণবীর সরকার (ডাকনাম ‘মন’)-কে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যাতে পুরো চক্রের সন্ধান পাওয়া যায়।
পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হতে পারে। গোটা ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।



