Amtali PS News : আগামী দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আমতলী থানার উদ্যোগে ১২০টি ক্লাব ও পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুজোকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সমন্বয় নিয়ে আলোচনা হয়।
পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই অনুষ্ঠানে পুলিশের উদ্ধার করা ২০টি চুরি যাওয়া মোবাইল ফোন যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী, দ্বিতীয় অফিসার অজিত চাকমা, প্রাক্তন পুলিশ ডিএসপি রাজেন্দ্র প্রসাদ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন টিএসআর, বিএসএফ ও সিআরপিএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজসেবক-সমাজসেবিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ায় পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিতরা। সভায় দুর্গাপূজাকে ঘিরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তাও দেওয়া হয়।






