AMC Election News : সামনেই আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এরই অংশ হিসেবে মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা কী হবে, কীভাবে তাঁরা সাংগঠনিকভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী ময়দানে এগিয়ে যাওয়া যায়—মূলত এসব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই সাংগঠনিক বৈঠককে দলের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় স্তরে আরও একাধিক কর্মসূচি ও বৈঠক হতে পারে বলে জানা গেছে।






