খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 27 November 2026 - 09:25 PM
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ - ০৯:২৫ অপরাহ্ণ

Sabroom News :হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই ব্যবসায়ীর দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

Sabroom News
1 minute read

Sabroom News : সাব্রুম: নগর নির্বাচনের দিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল সাব্রুম মহকুমার হরিনা বাজার। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ বাজারের একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে দুই ব্যবসায়ীর দোকান। সময়মতো দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় গোটা বাজার এলাকা।


আগুনে রঞ্জিত দেবনাথের মিষ্টির দোকান এবং বাপ্পি দেবনাথের রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুন ও তা নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত জলের কারণে আরও তিনটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুল দেবনাথের লোকনাথ ফুড হাউসে মজুত ব্রয়লার, মাছ, গবাদি পশু ও শূকরের খাদ্য পুড়ে এবং জলে ভিজে নষ্ট হয়ে যায়। শুভঙ্কর দেবনাথের মুদি দোকান এবং নিরঞ্জন দাসের হার্ডওয়্যার দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক মুহূর্তে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিশ্রম ও রুজি-রোজগার কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম ও মনু ফায়ার সার্ভিসের দমকল ইঞ্জিন। পরবর্তীতে নতুন চালু হওয়া মনুবনকুল ফায়ার স্টেশন থেকেও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই সাব্রুম ও মনুর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাঁদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের প্রাণহানিও এড়ানো সম্ভব হয়েছে।


ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিক অর্জন চাকমাও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রূ মগ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাষ লোধ।


এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য মহকুমা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি উঠেছে। পাশাপাশি বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।

For All Latest Updates

খাস খবর