Kailasahar Tinku Roy : কৈলাসহর পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে ক্রমশ তৎপর হয়ে উঠেছে বিজেপি। নির্বাচনী প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। সোমবার সকাল থেকেই কৈলাসহর পুরপরিষদের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। তাঁর এই প্রচারকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
সোমবার সকালে ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সংঘমিত্রা দে এবং ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল দাশগুপ্তের সমর্থনে বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন তিনি।
এই প্রচার অভিযানে মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষসহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, দলীয় কর্মী ও সমর্থকরা।প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সাড়া বিজেপি কর্মীদের আরও উৎসাহিত করছে বলেও তিনি দাবি করেন।
এদিন তিনি আরও দাবি করেন, শুধু ৭ ও ৮ নম্বর ওয়ার্ড নয়, কৈলাসহর পুরপরিষদের ১৭টি ওয়ার্ডেই বিজেপি মনোনীত প্রার্থীরা মানুষের আশীর্বাদ পাবেন। আসন্ন পুরপরিষদ নির্বাচনে ১৭টি ওয়ার্ডেই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সব মিলিয়ে কৈলাসহর পুরপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে বিজেপির ১৭টি ওয়ার্ডে জয়ের দাবি, অন্যদিকে নির্বাচনী ময়দানে অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রচার—সব মিলিয়ে আসন্ন নির্বাচন ঘিরে কৈলাসহরের রাজনৈতিক মহলে এখন জোর চর্চা চলছে। শেষ পর্যন্ত ভোটাররা কাদের সমর্থনে রায় দেন, সেটাই এখন দেখার বিষয়।






