খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 24 November 2026 - 05:39 PM
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ - ০৫:৩৯ অপরাহ্ণ

Sonamura Tafajjwal Hosain : তফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলায় যুব নেতাকে সোনামুড়া থানায় তলব

Sonamura Tafajjwal Hosain
1 minute read

Sonamura Tafajjwal Hosain : সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর আয়োজিত এক সভায় রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষকে শুয়োরের সঙ্গে তুলনা করে মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (টিওয়াইএফ) সেল কেন্দ্রীয় কমিটি। এবার এই ঘটনায় নথিভুক্ত মামলার তদন্তের স্বার্থে সংগঠনের এক যুব নেতাকে সোনামুড়া থানায় তলব করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, বিধায়কের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রথমে সহকর্মীদের সঙ্গে নিয়ে আগরতলার পশ্চিম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৫ নভেম্বর একই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় একটি মামলা নথিভুক্ত হয়। এরপর গত ২১ নভেম্বর ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন সেল কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মার কাছে সোনামুড়া থানার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে তদন্তের স্বার্থে তাঁকে থানায় উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি কৌশিক রায় দেববর্মা জানান, তদন্তকারী আধিকারিক বিপ্লব দেববর্মা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছেন। এ বিষয়ে তিনি বলেন, আইনের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তের কাজে পুলিশকে সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত। তাঁর দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে আদিবাসী সমাজের উপর আক্রমণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ১০ নভেম্বর বিধায়কের বক্তব্য সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন বলে মনে করছে তাঁদের সংগঠন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের ভাষা ও মন্তব্য কোনওভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

কৌশিক রায় দেববর্মা আরও জানান, ১৯৮৯ সালের প্রাসঙ্গিক আইন ও ধারায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন। তাঁদের বক্তব্য, এই ঘটনায় যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সেই দাবিই তাঁরা সরকার ও প্রশাসনের কাছে তুলে ধরেছেন।পাশাপাশি রাজ্যের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পক্ষে তাঁদের সংগঠন বরাবরই কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে বলে জানান তিনি। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সংগঠনের সভাপতি। তদন্তে কোনও ধরনের গাফিলতি বা অসঙ্গতি নজরে এলে আগামী দিনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন কৌশিক রায় দেববর্মা।

For All Latest Updates

খাস খবর