Belonia Death News : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ডের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখ এলাকায়। ছোট ভাইয়ের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। মৃত ব্যক্তির নাম যুদ্ধ মোহন ত্রিপুরা (৪২)। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ফাঁড়ি থানার অন্তর্গত মনিরামপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে বিবাদকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় ছোট ভাই চেতন মোহন ত্রিপুরা (৩৫) গাছের একটি টুকরো দিয়ে বড় ভাই যুদ্ধ মোহন ত্রিপুরার মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। অভিযুক্ত ছোট ভাই চেতন মোহন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে দুই ভাইয়ের মধ্যে এমন বিবাদের সূত্রপাত এবং ঠিক কোন পরিস্থিতিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও পুলিশের তরফে এখনও এই কারণ নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ ছিল। তবে সেই অভিযোগগুলির সত্যতা ও ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে এমন মর্মান্তিক পরিণতির ঘটনায় গোটা মনিরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে নিজেরই বড় ভাইকে এভাবে প্রাণ হারাতে হলো, সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






