Sonamura Congress News : মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিনে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পুর পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস দল। সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩টি আসন এবং মেলাঘর পুর পরিষদের ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলীয় প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা করেন। শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিন মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে সোনামুড়ায় দলীয় মহকুমা কার্যালয়ের সামনে থেকে একটি সুবিশাল মিছিল বের করে কংগ্রেস। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা পরিক্রমা করে স্থানীয় নেতাজি চৌমুহনীতে এসে মিলিত হয়। মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের প্রাক্কালে এই মিছিলের মধ্য দিয়ে দলীয় শক্তি ও সাংগঠনিক তৎপরতার পরিচয় তুলে ধরার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্ব।
নেতাজি চৌমুহনী থেকে পরবর্তীতে মনোনীত প্রার্থীরা একে একে সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে যান। সেখানে তাঁরা সোনামুড়ার মহকুমা শাসক তথা নির্বাচনের রিটার্নিং অফিসার (আরও) রূপন দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক দিব্যেন্দু দাসের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কংগ্রেস সভাপতি রোশন আলী, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রাকেশ দাস, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩টি এবং মেলাঘর পুর পরিষদের ৭টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দলীয় প্রার্থীদের নিয়ে এই মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় নির্বাচনী আবহ আরও জোরালো হয়ে ওঠে। এখন নির্বাচনী প্রচারে কংগ্রেস কতটা জনসমর্থন নিজেদের পক্ষে টানতে পারে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।






