Kailasahar BJP News : কৈলাসহরের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রে বিজেপি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন কৈলাসহর পুর পরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য নিতীশ দে। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে তিনি রাজনীতি থেকেও চিরতরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে পরিবারতন্ত্র, দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং পুরনো কর্মীদের অবমূল্যায়নের মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি।
সাংবাদিক সম্মেলনে নিতীশ দে বলেন, বর্তমানে কৈলাসহরে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। দলে সাধারণ ও পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং একটি বিশেষ পরিবারের প্রভাব এবং কয়েকজন ব্যক্তির একক সিদ্ধান্তেই দল পরিচালিত হচ্ছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের জন্য যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের আজ সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যে যেসব কর্মী নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, বর্তমান নেতৃত্ব তাঁদের অবদানের কথা ভুলে গিয়েছে।
গত পাঁচ বছরকে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করেন নিতীশ দে। তাঁর অভিযোগ, এই সময়ে তাঁকে বিভিন্নভাবে অপমান, অপবাদ এবং দলীয় কোন্দলের মুখোমুখি হতে হয়েছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বারবার বিষয়গুলি তুলে ধরেও কোনো সুবিচার পাননি তিনি। ফলে ক্রমশ দলের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যায়।
কৈলাসহর পুর পরিষদের কাজকর্ম নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুর পরিষদ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে কমিশন বাণিজ্য ও নানা ধরনের অনিয়ম চলছে। স্থানীয় মণ্ডল সভাপতি থেকে শুরু করে দলের পুরনো নেতৃত্বকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট কয়েকজনের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কার্যকলাপ পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নিতীশ দে আরও জানান, ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তাঁর নেই। দীর্ঘদিন সততার সঙ্গে দলের কাজ করার পরও আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতিতে টিকে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আর কখনো কোনো রাজনৈতিক দলে কাজ করব না। রাজনীতি থেকে চিরতরে অবসান নেওয়ার সিদ্ধান্ত আজই গ্রহণ করলাম। প্রয়োজনে কাল থেকে রাস্তার পাশে সবজি বিক্রি করে খাব, তবুও আত্মসম্মান নিয়ে বেঁচে থাকব।”
পরিশেষে বিজেপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দলের যে মূল আদর্শ ও বিচারধারা একসময় ছিল, বর্তমান পরিস্থিতিতে তা কার্যত ভূলুণ্ঠিত। নিতীশ দের এই পদত্যাগ ও রাজনীতি ছাড়ার ঘোষণাকে ঘিরে কৈলাসহরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তাঁর এই সিদ্ধান্ত স্থানীয় বিজেপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।






