খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 October 2026 - 09:23 PM
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ - ০৯:২৩ অপরাহ্ণ

Jatrapur Pistal News : বড়নারায়ণে পিস্তল উদ্ধারে চাঞ্চল্য, জামাতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি

Jatrapur Pistal News
1 minute read

Jatrapur Pistal News : রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক পিস্তল উদ্ধারের ঘটনায় যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় যাত্রাপুর থানাধীন বড়নারায়ণ এলাকায় পিস্তল উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে কামাল হোসেনের বাড়িতে তাঁর জামাতা লোকমান হোসেন পিস্তল নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করেই ঘটনাটি সামনে আসে।

জানা যায়, ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার এসআই অমর কিশোর দেববর্মা ও এ-এসআই তপন দেবনাথসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, লোকমান হোসেনকে বাড়ির বারান্দায় তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। পরবর্তীতে কামাল হোসেনের বাড়ির রান্নাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

তবে পিস্তল উদ্ধারের পরই সামনে এসেছে একাধিক প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, লোকমান হোসেন পিস্তল নিয়ে হামলা করতে এসেছিলেন। তাহলে তাঁকে বাড়ির বারান্দায় আটক করে রাখার সময় পিস্তলটি কোথায় ছিল? কীভাবে সেটি বাড়ির রান্নাঘরে পৌঁছাল? পিস্তলটি কার এবং ঘটনার সঙ্গে এর প্রকৃত যোগসূত্রই বা কী—এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, কামাল হোসেনের দাবি, ভয়ের কারণেই তাঁরা লোকমানকে আটকে রেখেছিলেন। তবে তাঁর এই বক্তব্যের পাশাপাশি পিস্তল উদ্ধারের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা বিষয়টি তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ফোনে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ ২৬ বছর বয়সী লোকমান হোসেনকে থানায় নিয়ে আসে। শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে লোকমানের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আগামীকাল অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি। পিস্তলটির উৎস, মালিকানা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

For All Latest Updates

খাস খবর