Bishalgarh NH8 News : বিশালগড়-আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (NHIDCL) বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কের একটি অংশ বন্ধ করে নির্মাণকাজ শুরু হওয়ায় রাস্তার দু’পাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী গাড়ি। এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন বা যান চলাচল নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা না করেই দিনের ব্যস্ত সময়ে জাতীয় সড়ক বন্ধ করে কাজ শুরু করা হয়েছে। ফলে কয়েক ঘণ্টা ধরে সড়কে যানজট তৈরি হয়। শুধু সাধারণ যাত্রী নয়, এই যানজটের কারণে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে পড়ে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের বক্তব্য, জাতীয় সড়কে নির্মাণকাজ প্রয়োজনীয় হলেও সাধারণ মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে কাজের সময় নির্ধারণ করা উচিত। দিনের ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ করে কাজ করার পরিবর্তে রাতের দিকে নির্মাণকাজ করা হলে যানজট অনেকটাই কমানো সম্ভব এবং যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হবে না।
স্থানীয়দের আরও অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে এভাবে যান চলাচল বন্ধ রেখে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নজরদারি থাকা জরুরি। কিন্তু প্রশাসনিক অনুমোদন ছাড়া কীভাবে সড়ক বন্ধ করে কাজ চলল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
এদিকে, ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। জাতীয় সড়কে নির্মাণকাজের নামে যাত্রীদের দুর্ভোগ বন্ধ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।






