খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 14 October 2026 - 03:52 AM
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ - ০৩:৫২ পূর্বাহ্ণ

Patal Kanya Jamatia : দক্ষিণ ঘিলাতলীর ছনখলায় জমি ও রাস্তার সীমানা নির্ধারণ স্থগিত

Patal Kanya Jamatia
1 minute read

Patal Kanya Jamatia : দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় সরকারি রাস্তা ও জমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসনের উদ্যোগে সীমানা নির্ধারণের কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থগিত রাখতে বাধ্য হন আধিকারিকরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্বঘোষণা অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হয়। তবে দ্বিতীয় পক্ষ টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় সীমানা নির্ধারণের কাজ অসমাপ্ত থেকে যায়।

ঘটনাস্থলে উপস্থিত তেলিয়ামুড়ার মহকুমা শাসক জানান, এই বিষয়ে পাতাল কন্যা জমাতিয়াকে লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি ফোনের মাধ্যমেও বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় প্রশাসনকে সমস্যার সম্মুখীন হতে হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করার পরও তাঁর দেখা না মেলায় শুরু হওয়া পরিমাপের কাজ মাঝপথে বন্ধ রাখতে হয়।

মহকুমা শাসক আরও জানান, এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রশাসন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। রাস্তা ও জমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে এগোবে, এখন সেদিকেই নজর রয়েছে।

এদিকে, সাধারণ মানুষের যাতায়াতের অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন মহকুমা শাসক। তিনি বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহৃত এই সার্বজনীন রাস্তা সর্বদা উন্মুক্ত রাখতে হবে। কোনওভাবেই রাস্তার চলাচল বন্ধ করা যাবে না। ভবিষ্যতে কেউ পুনরায় রাস্তার উপর বেড়া দেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সরকারি রাস্তা ও জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে প্রশাসনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবারের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় সমস্যার চূড়ান্ত সমাধান এখনও অধরা। আগামী দিনে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

For All Latest Updates

খাস খবর