খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 30 September 2026 - 06:28 PM
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:২৮ অপরাহ্ণ

SUCI Deputation News : SIR বিতর্কে ৪ দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ SUCI

SUCI Deputation News
1 minute read

SUCI Deputation News : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার ত্রিপুরায় চার দফা দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে স্মারকলিপি দিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (SUCI)। সংগঠনের ত্রিপুরা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তাদের দাবিগুলি তুলে ধরে। প্রতিনিধি দলে ছিলেন এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অরুন কুমার ভৌমিক, গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা।

SUCI-এর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। পাশাপাশি ভোটার যাচাইয়ের ক্ষেত্রে আধার কার্ড এবং EPIC নম্বরকে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। ভোটার তালিকায় নামের বানানে ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া অ্যাফিডেভিট গ্রহণ করার দাবিও জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ও বৈধ ভোটাররা যাতে কোনওভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে নথিপত্রের সামান্য অসঙ্গতি বা নামের বানানগত ভুলের কারণে কোনও নাগরিককে সমস্যায় ফেলা উচিত নয় বলে দাবি তাদের।

এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিকে SUCI-এর দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করছে SUCI। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি দলের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। তাই প্রকৃত ভোটারদের নাম সুরক্ষিত রেখে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে তারা। SUCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চার দফা দাবির বিষয়ে নির্বাচন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এখন দেখার, সংগঠনের দাবিগুলির বিষয়ে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।

For All Latest Updates

খাস খবর