Udaipur Rail Station Minor : উদয়পুর রেলস্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বছরের এক কিশোরকে। প্রাথমিকভাবে জানা গেছে, সম্ভবত দু’দিন আগে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল সে। বৃহস্পতিবার উদয়পুর রেলস্টেশন এলাকায় কিশোরটিকে দেখতে পাওয়ার পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।
পরবর্তীতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে কিশোরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর তার সঙ্গে কথা বলে পরিচয় এবং পরিবারের সন্ধান জানার চেষ্টা করা হলেও নিজের নাম-পরিচয়, বাড়ির ঠিকানা কিংবা পরিবারের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে সে অনীহা প্রকাশ করে।
তবে কিশোরটির কথাবার্তা থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তার বাড়ি তেলিয়ামুড়া এলাকায় হতে পারে। যদিও এখনও পর্যন্ত তার পরিচয় কিংবা পরিবারের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। কিশোরটির কাছ থেকে প্রকৃত পরিচয় এবং পরিবারের তথ্য জানার জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে চাইল্ড লাইন। পাশাপাশি পরিবারের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিশোরটির পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে তাকে নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।






