Kalamchoura Ganja News : মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কলমচৌড়া থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের ভাটি কলমচৌড়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ভাটি কলমচৌড়া এলাকার হামিদ মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুদ রয়েছে বলে গোপন তথ্য পায় পুলিশ।
সেই তথ্যের ভিত্তিতে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাদ্রি সরকার এবং এসআই বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে পুলিশ, টিএসআর ৪৯ নং ব্যাটালিয়ন ও বিএস এফের যৌথ বাহিনী মঙ্গলবার দুপুর থেকে বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।দীর্ঘ সময় তল্লাশির পর হামিদ মিয়ার বাড়ির পেছনে সীমান্ত সংলগ্ন জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা নীল রঙের চারটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো খুলে দেখা যায়, এর মধ্যে প্রায় ৯০ কেজি শুকনো গাঁজা সংরক্ষণ করা ছিল।তবে উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিক কে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে হামিদ মিয়ার নামে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করেছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান চক্রের সঙ্গে কারা জড়িত,সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।






